রাষ্ট্রপতি শিল্পোন্নয়ন পুরস্কার পাচ্ছে ওয়ালটন, আইটিসি ও সামিট

৩ নভেম্বর, ২০২১ ১৭:০৩  
শিল্প খাতে অসামান্য অবদান রাখায় আগামী ৪ নভেম্বর রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার ২০১৯ পাচ্ছে ১৯টি প্রতিষ্ঠান। পুরস্কার বিজয়ীদের মধ্যে হাইটেক শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, দ্বিতীয় হয়েছে ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস এবং তৃতীয় হয়েছে সামিট কমিউনিকেশনস। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আগামী ৪ নভেম্বর নির্বাচিত শিল্প উদ্যোক্তাদের মাঝে ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০১৯’ প্রদান করা হবে। পুরস্কার প্রাপ্ত প্রত্যেক প্রতিষ্ঠানকে দেয়া হবে একটি করে ক্রেস্ট ও সম্মাননাপত্র। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভার্চুয়ালি উপস্থিত থাকার কথা রয়েছে। শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বুধবার এ বিষয়ক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এ সময় উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও শিল্পসচিব জাকিয়া সুলতানাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।